রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া আন্দোলন দুপুরের দিকে আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভারের অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে কালিয়াকৈরেও অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

এস