কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষক হানিফ হত্যা মামলায় নারীসহ ৪ জনের মৃত্যুদণ্ড ‍দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত হানিফ খামারুজের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, ভাইয়ের ছেলে মুকুল হোসেন, প্রতিবেশী আসমত আলী মণ্ডল ও শ্যামল প্রামাণিক।

আদালতসূত্র জানায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে কে বা কারা কৃষক হানিফ খামারুজকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মাঠের মধ্যে লাশ ফেলে রাখা হয়।

সংবাদ পেয়ে ১১ এপ্রিল সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠান পুলিশ। এ ঘটনায় নিহতের ১ম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদী ভেড়ামার থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তশেষে রহস্য উদ্ঘাটন করে চার আসামির বিরুদ্ধে (দ:বি: ৩০২/২০১/৩৪ ধারায়) অভিযোগ এনে ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

কুষ্টিয়া জজকোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের পর বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ দীর্ঘ সাক্ষ্য শুনানি করে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

মামলাটি পর্যবেক্ষণ মন্তব্যে বিজ্ঞ আদালত বলেন, সম্পত্তি কেন্দ্র করে ও পারিবারিক দ্বন্দ্ব-কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মামলটির বিবাদী পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিক ও আয়েশা সিদ্দিক।

এএস