নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথাও জানিয়েছে এই কমিটি।
কমিটির প্রধান শাহজাহান আলি মোল্লা জানিয়েছেন, ১১ আগস্ট মেয়র আইভী এবং এর পরদিন শামীম ওসমানকে সচিবালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ব্যাপারে আইভী বলেছেন, 'নিহত নজরুল সিটি করপোরেশনের কাউন্সিলর। আর আমি সিটি করপোরেশনের মেয়র। সে হিসেবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হতেই পারে। এ জন্যই মনে হয় ডেকেছে।'
অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, 'ডাকার ব্যাপারে এখনো আমাকে জানানো হয়নি। তাই এ সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। যদি আমি ইনফরমেশন পাই তখন আপনাদের জানাব।'
সাত খুনের ঘটনায় এরই মধ্যে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চাকরিচ্যুত তিন কর্মকর্তা, নূর হোসেনের সহযোগীসহ ৩৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।
এছাড়া কলকাতায় কারাগারে আটক সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হবে বলেও জানান তদন্ত কমিটির প্রধান।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





