বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়ারাজধানীর শুক্রাবাদ এলাকার মীম নামে আরও একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নগর জুড়ে আমাদের ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযান অংশ হিসেব আজ ধানমন্ডি ও শুক্রবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে রাজধানীর ধানমন্ডির ১১ নং সড়কে (নতুন) নির্মাণাধিন সিপিডি’র ভবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবনটিতে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া গেছে।  এছাড়া, ১০৪ নং রোডে অবস্থীত মীম টাওয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু মশার লার্ভা বিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।  

ইতোমধ্যে ডিএসসিসি’র পক্ষ থেকে ৫৮ হাজার বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং এগুলোর মধ্যে অনেক বাড়িতেই এডিসের লার্ভা পাওয়ায় তা ধ্বংস করে দেয়াসহ বাড়ির মালিকদের এই বিষয়ে সচেতন করা হয়েছে।

এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস সদস্যগন ১ লাখ ১১ হাজার বাসা বাড়িতে গিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় সেগুলি ধ্বংস করা ও এবিষয়ে বাড়িওয়ালাদের সতর্ক করা হয়েছে।

স্কাউটস সদস্যদের মাধ্যমে বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজনন স্হল ধ্বংসকরণের এই কার্যক্রমও চলমান রয়েছে। 

এমবি