চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজাম উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশন দুদকের পরিচালক মো. নূর আহাম্মদের তত্ত্বাবধানে একজন উপ-পরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন।

দুদক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজাম উদ্দিনের বিরুদ্ধে সরকারের রাজস্ব আত্মসাৎ, টেন্ডারে অনিয়মসহ জাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ওই সব অভিযোগ অনুসন্ধানের জন্য শিগগিরই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে তলবি নোটিশ পাঠাবে দুদকের টিম লিডার।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান নিজাম উদ্দিন বন্দরের তিনটি জাহাজ ক্রয়ে ৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। নিজাম উদ্দিন তার ভায়রা জিয়াউল হক চিশতির মাধ্যমে ১৮ থেকে ২০ বছরের পুরনো ২০ কোটি টাকা মূল্যের জাহাজ ৫৫ কোটি টাকা ব্যয়ে ক্রয় করেছেন।

একই কোম্পানিকে বিনা টেন্ডারে জাহাজের রক্ষণাবেক্ষণের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদেশ থেকে জাহাজ আনার জন্য চট্টগ্রাম বন্দরের ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা দুবাই ও চায়না ভিজিট করেন। বন্দরের রাজস্ব খাত থেকে ওই কর্মকর্তাদের বিদেশ ভিজিটের কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।

বন্দরের ১০ টন মোবাইল ক্রেন কেনায় ৬ কোটি ৩৮ লাখ টাকা ও স্ক্যানার মেশিন কেনায় প্রায় ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে উল্লেখ রয়েছে।
একে