রাজধানীর মোহাম্মদপুর ও তেজগাঁওয়ে জঙ্গিদের খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়েছে পুলিশ।

মোহাম্মদপুরের লোহারগেট ও নবোদয় হাউজিং এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রসূলবাগে এ অভিযান চালায় পুলিশ।

অভিযান শেষে বুধবার সকালে পুলিশ জানিয়েছে, জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না তা খতিয়ে দেখতে সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার হয়নি। জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জঙ্গিদের খুঁজতে সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চালানো হয়। এখন জঙ্গিদের মধ্যেই আতঙ্ক থাকবে। মানুষও জঙ্গি বিরোধী অভিযানে আশ্বস্ত রয়েছে। তবে পুলিশ অভিযানে কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হন।

এছাড়া গত ১ জুলাই গুলশান ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ২৭ জনের প্রাণহানির পর জঙ্গি সংগঠনে জড়িতদের গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

এসএম