সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

দুদক সূত্র জানায়, কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের ১০ নম্বর (পুরাতন ৭০ নম্বর) প্লটটি ভুয়া দাতা সাজিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, বাড়িটি ছিল তৎকালীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে। পরে তার উত্তরাধিকারীরা বাড়িটি সরকারের কাছ থেকে লিজ নেন। মোহাম্মদ আলীর ওয়ারিশ মাহমুদ আলীর তত্ত্বাবধানে বাড়িটি থাকাবস্থায় তার চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী নিজ দখলীয় সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করে কাজী ফিরোজ রশীদের কাছে হস্তান্তর করেন।

২০১৫ সালের ৮ মার্চ এ সব অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে সরকারের বিভিন্ন দফতর থেকে নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. নূর আহাম্মদ তদারককারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

এএইচ