বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ৩দিনের রিমান্ডের প্রথম দিনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়েছে।

আজ (০২ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে নেওয়া হয়।

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‍্যাবের একটি দল।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে যাওয়া ৩ জন হলেন- টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো: আয়াছ।

এর আগে গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে এই তিনজনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গত ০৫ আগস্ট তাঁর বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদি হয়ে ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ০৯ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এমবি