সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অ্যাডভোকট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা। আইয়ুববিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।’

তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের বর্তমান গণআন্দোলনেও ভূমিকা পালন করছেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘আইনজীবী সমিতি মনে করে যে, সরকারের বিপরীত রাজনৈতিক মতের কারণেই আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে হয়রানীমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে।’

জানা গেছে, চলতি বছর ১৯ মার্চ কিশোরগঞ্জে তার নির্বাচনী এলাকা ইটনার এক জনসভায় সরকারের সমালোচনা করায় উপর মহলের নির্দেশে সরকারদলীয় মো. আলী হোসেন নামের এক ব্যাক্তি তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করে।

জিডি এন্ট্রি করার পরে তার ওপর ভিত্তি করে ফজলুর রহমানের বিরুদ্ধে ১৮ আগস্ট চার্জশিট (অভিযোগ পত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। পরে ওই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

জেএ