কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারের পর অভিযানে গেলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গাজী পাড়া সংলগ্ন পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার গ্রামের দিল মোহাম্মদ ওরফে ইয়ার মোহাম্মদের ছেলে মোহাম্মদ আমিন ওরফে নুর হাফেজ (৩২) ও হ্নীলার সাব্বির আহম্মেদের ছেলে মোহাম্মদ সোহেল (২৬)। নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং শীর্ষ রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমের সহযোগি।

এর আগে শুক্রবার ভোরে নিহত দুজনসহ চার মাদক ব্যবসায়ীকে ৮ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬টি অস্ত্রসহ আটক করেছিল র‌্যাব-১৫।

শনিবার সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।

ওসি প্রদীপ কুমার দাস বলেন, মাদক অভিযানে গোলাগুলিতে দুই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবসহ আগ্নেয়াস্ত্র এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এমএম