দেশব্যাপী হরতাল-অবরোধে সহিংসতায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম(সিএমএম) আসাদুজ্জামান নূর পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ সব ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি দায়ের করেন। এরপর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ইআর