মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা মারা গেছেন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবার কবির চৌধুরী জানান, তিনি বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম জানান, কয়েদি আমিন হুদা আজ বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। তিনি হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

২০০৭ সালে ২৪ অক্টোবর ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসান। আলাদা দুটি মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আদালতের রায়ে এই দুই জনের প্রত্যেককে ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৭ কোটি ৫৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

ইয়াবা চোরাকারবারির ঘটনায় এখন পর্যন্ত এটিই আদালতের দেওয়া সর্বোচ্চ রায়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪’র বিচারক মোতাহার হোসেন এই রায় ঘোষণা করেছিলেন।

আমিন হুদা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। সাজা পাওয়ার পর প্রায় অর্ধেক সময়ই হাসপাতালে পার করেছেন তিনি।

এমবি