রাজধানীতে আটক যুব মহিলা লীগের নেত্রী (সদ্য বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে বিমানবন্দর ও শেরে বাংলা নগর থানায় পৃথক ৩টি মামলা করেছে র‍্যাব।

গতকাল বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি এবং আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার শেরে বাংলা নগর থানায় অস্ত্র আইনে ১টি ও বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড চেয়ে পাপিয়াকে আদালতে তোলা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, পাপিয়ার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা করা হবে। সেটি সিআইডি সঙ্গে র‍্যাব আলোচনা করে করবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া ওরফে পিউসহ চার জনকে আটক করে র‍্যাব।

আটক বাকিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

এরপর রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে ও নরসিংদীতে বিলাসবহুল বাড়ি-গাড়িসহ তাদের নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‍্যাব-১’র অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, রোববার সকালে ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

এমবি