নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির নতুন প্রধান হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগের তদন্ত কমিটির প্রধান মো. শাহজাহান আলী মোল্লাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করায় তার স্থলে আব্দুল হাকিমকে প্রধান করা হয়েছে।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, নতুন আহ্বায়ক নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। তদন্ত কমিটির আর সবকিছু আগের মতোই থাকছে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এরপর আদালতের নির্দেশে ৭ মে অভিযোগ তদন্তে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেএ