জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তার হাজিরাকে কেন্দ্র করে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা এলাকায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। এখান থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টাআহমদ আযম খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণসম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সাধারণসম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

সকাল থেকে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন।

এছাড়া বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবীও উপস্থিত রয়েছেন মাদ্রাসা মাঠে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর বেগম জিয়া আদালতের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এদিকে, এসব নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে ওই এলাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হয়েছে যানজট।

খালেদা জিয়ার আগমন ঘিরে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সড়কের মোড়ে মোড়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। পোশাকধারী র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা দায়িত্বে রয়েছেন।

এমএইচ, জেএ