অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় আটক কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এমপি বদিকে ৬ মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

গত ২০ অক্টোবর জামিনের আবেদন জানান বদির আইনজীবী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। ২১ ও ২২ অক্টোবর এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম দেখানোর অভিযোগে দুদক গত ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করেন। এ মামলায় আবদুর রহমান বদি গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান।

অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতও তার জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের বিরুদ্ধে সোমবার আবদুর রহমান বদি হাইকোর্টে রিভিশন আবেদন করে জামিন চান।

জেআই