ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ‘কলাবাগান ক্রীড়া চক্র’র সভাপতি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা শফিকুল আলম ফিরোজকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগে অভিযান চালাচ্ছে সংস্থাটি। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর)দুপুর ১টার দিকে ক্লাব থেকে সভাপতি ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে তা নিয়ে কোনো তথ্য জানায়নি র‌্যাব।

ক্লাবের সাধারণ সদস্য আজিজ উদ্দিন আহম্মেদ নান্নু গণমাধ্যমকে বলেন, “জুমার নামাজের জন্য সবাই যখন বের হবে তখন কয়েকজন র‌্যাব সদস্য এসে তাকে আটক করে। এসময় তাকে বলা হয় আপনাকে (শফিকুল আলম) কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। পরে র‌্যাবের একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।”

নান্নু বলেন, “এবারের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শফিকুল। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।”

আটকের বিষয়ের র‌্যাব-২’র অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, “শফিকুলকে আমরা ধরেছি। তাকে সঙ্গে নিয়ে রেখে আমরা ক্লাবটি তল্লাশি করব।”

এদিকে,আজ বিকাল থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালাতে ক্লাবটি ঘিরে রাখে অর্ধশতাধিক র‌্যাব সদস্য। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২’র অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। অভিযানে ভেতরের কাউকে বাইরে বা বাইরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এমবি