দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদসহ ৪ জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না মর্মে আগামী ২৬ অক্টোবর তাদের অভিয়োগের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আজ সকালে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদসহ ৪ জন ট্রাইব্যুনাল হাজির হন।

অন্যরা হলেন- সংগ্রামের রংপুর প্রতিনিধি, রংপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা।

সংগ্রাম সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই মসিউজ্জামান।

এর আগে ৩ আগস্ট বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এ রুল জারি করেন ট্রাইব্যুনাল। তাদেরকে আগামী ২০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমাণ্ডারের নাম শুনিনি’ এবং ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোন ছাত্র নেতা ছিলেন না’ শিরোনামে সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্বৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদন আজহারের পক্ষে ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করতে গেলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন।
ট্রাইব্যুনাল বলেন, বিচার চলাকালীন সময়ে মামলা সম্পর্কে কোন ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কিন্তু ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার পরের দিন ২৭ ডিসেম্বর। সুতরাং এ প্রতিবেদন আদালত প্রদশর্নী হিসেবে গ্রহণ করতে পারে না। বরং বিচার চলাকালীন সময়ে এ মামলা সম্পর্কে কেন তারা বক্তব্য দিয়েছে তার জন্য আমরা রুল ইস্যু করছি।

ঢাকা, কেএ, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর