চট্টগ্রাম ভিত্তিক জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ঢাকার টঙ্গী থেকে গ্রেফতারকৃত গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব- ৭।
রোববার দুপুরে এনামুলকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করে র্যাব ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার টঙ্গীর তুরাগ এলাকা থেকে গার্মেন্টস ব্যবসায়ী এনামুলকে গ্রেফতার করে র্যাব- ৭ এর একটি দল। চট্টগ্রামস্থ র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জঙ্গি অর্থদাতা এনামুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব- ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, শহীদ হামজা ব্রিগেড নামের জঙ্গি সংগঠনকে ১৬ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করা হয়।
তাকে বাঁশখালী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, এর আগে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার অপর দুই সহযোগী আইনজীবীকে গ্রেফতার করে র্যাব। দুই দফা রিমান্ড এবং আদালতে স্বীকারোক্তি প্রদান শেষে তারা বর্তমানে চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
কেএইচ





