হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদেও নন সাবমিশনের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের গণসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতে আজ-কালের মধ্যে এ চার্জশিট দাখিল করা হতে পারে। গত ১৬ অক্টোবর চার্জশিট দুটির অনুমোদন দেয় কমিশন।
তিনি জানান, সম্পদ বিবরণী দাখিল না করায় ২০১২ সালে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’র মামলা করে দুদক। মামলাটি তদন্ত করেন উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ। ১১ মামলায় জামিন হওয়ার পর জেসমিন ইসলামের বিরুদ্ধে এটি ১২ তম চার্জশিট। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড হতে পারে জেসমিনের।
উল্লেখ্য, প্রতি মাসে ১০০ কোটি টাকা কিস্তিতে ২ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধ করার শর্তে গত ৭ ফেব্রুয়ারি ১১ মামলায় জামিন নেন জেসমিন। পরে তিনি কোনো টাকাই পরিশোধ করেননি। হাইকোর্টে রিট করে এখনও তিনি মুক্ত রয়েছেন। গত বছর ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয় জেসমিন ইসলামকে।
একে/কেএইচ





