মুন্সীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ বছর বয়সী শিশুপুত্র ছাওয়াদ দেওয়ানকে খুনের ঘটনায় বুধবার বিকেলে বাবা জুলহাস দেওয়ানকে (৩৫) গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ জেলার সদর থানা পুলিশ বুধবার রাত ৭টার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকার একটি ডোবা থেকে ছাওয়াদ দেওয়ানের লাশ উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার বাসিন্দা জুলহাস সোমবার বিকেলে ঢাকায় চিকিৎসার কথা বলে শিশুপুত্র ছাওয়াদকে বাড়ি থেকে নিয়ে যায়। ওই দিন রাতে ঢাকার গুলিস্তানে পৌঁছে শিশুপুত্র ছাওয়াদকে হারিয়ে ফেলেছে বলে বাবা জুলহাস মোবাইল ফোনে স্ত্রী তানিয়াকে জানায়। রাতেই ঢাকার পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জুলহাসের শ্বশুর আলী হোসেন।
এদিকে, স্বামী জুলহাসের প্রতি সন্দেহ প্রকট হওয়ায় বুধবার বিকেলে ৫টার দিকে স্ত্রী তানিয়ার স্বজনেরা জুলহাসকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন। থানা হেফাজতে জিজ্ঞাসাবাদে বাবা জুলহাস দেওয়ান শিশুপুত্রকে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে।
পরে জুলহাসকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় গিয়ে সদর থানা পুলিশ ছাওয়াদের লাশ উদ্ধার করে।
এসএমএ





