রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া ইস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম রিতু (১৫) আত্মহত্যার ঘটনায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বখাটের নাম শেখ মোঃ নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদ (২৪)।

খিলগাঁওথানা পুলিশ গত সোমবার দিবাগত রাতে আত্মগোপনে থাকা জিহাদকে নন্দীপাড়া থেকে পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজ ভূইূয়া।

টাইমনিউজবিডিকে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ পুলিশকে জানায় যে, ঘটনার পূর্বে শিমুল এবং রফিক স্কুলে গিয়ে ভিকটিম রিতুর সাথে কথা বলেছিল।

ঘটনার দিন শিমুল, শিমুলের বাবা রঞ্জন, শিমুলের মা মালতি রানী মন্ডল, পিন্টু চন্দ্র মন্ডল এবং জয় গোপাল উম্মে কুলসুম রিতুর বাসায় গিয়ে দুপুরে ভিকটিমকে মিথ্যা অপবাদ দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চরথাপ্পর মারে।

এজাহারে উল্লেখিত অপরাপর আসামীসহ ওই দিনই বিকালে রফিক, জিহাদ এবং বিল্লাল ভিকটিম রিতুদের বাসায় গিয়ে পুনরায় বিভিন্ন ধরণের আপত্তিকর কথাবার্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ করার কথা স্বীকার করে।

পরপর দুটি ঘটনার আকস্মিকতায় ভিকটিম রিতু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বরসন্ধ্যা ৭ টার দিকে উম্মে কুলসুম রিতু নিজ বাসায় উল্লেখিত কারণে বিষপান করে। নিকট আত্মীয়স্বজন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ভিকটিমের মা সাথী বেগম বাদী হয়ে পরের দিন খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করে।

ঢাকা, জেইউ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর