নোংরা পানি বাজারজাত করার দায়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে তিন কারখানার চারজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ওই তিন অবৈধ পানির কারখানায় সিলগালা করে দেওয়া হয়।
শনিবার দুপুরে ওই এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত আদালতে এ জরিমানা করা হয়।
র্যাব-২ এর পরিচালক (সিও) লে. কর্নেল মাসুদুর রহমান জানান, আদাবর শ্যামলী হাউজিং এর দ্বিতীয় প্রকল্প এলাকায় ‘রিলাঅ্যাবল ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি’, সুস্বাদু ড্রিংকিং ওয়াটার এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেড়িবাঁধ এলাকার অন্তর ড্রিংকিং ওয়াটারকে অভিযান চালানো হয়।
এ সময় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই-এর পরীক্ষায় পানিতে নোংরা ও আবর্জনা পাওয়া যায়।
বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে সরবরাহ করায় এই তিন প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে জেল-জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, দোষী সাব্যস্ত হওয়ায় রিলাঅ্যাবল ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির ম্যানেজার শাখাওয়াত হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা দেওয়া হয়েছে অন্তর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মোহাম্মদ আক্তারুজ্জামানকেও।
আর সুস্বাদ ড্রিংকিং ওয়াটারের মালিক কলিমুল্লাহকে (৩৫) এক বছরের কারাদণ্ড এবং এর ম্যানেজার ইমরান হোসেনকে (২০) ৬ মাসের জেল এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এই সময় এসব অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে সব মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।
জেআই





