বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় পরবর্তী হাজিরার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ (রোববার) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই দিন নির্ধারণ করেন।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবী জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার ৮টি, রাষ্ট্রদ্রোহের ১টি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের ২টি।
তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন। সে কারণে সময়ের আবেদন করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এমবি





