অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

রোববার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

ওই আবেদনে তিনি উল্লেখ করেন, সিনহার বোনের দায়ের করা মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ডি সেকশনকে অনুসরণ না করে। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ আছে।বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন তিনি।

সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামি পক্ষের রিভিশন আবেদনের শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন৷

এএস