প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার অবন্তিকা বড়ালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবন্তিকা বড়াল’র বিরুদ্ধে।

এর আগে অবন্তিকাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক অবন্তিকা বড়ালের রাজধানীর ধানমণ্ডির ফ্ল্যাটে একটি নোটিশ পাঠায়। গত ২৮ ডিসেম্বর সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছিল ওই নোটিশে।

তবে দুদকের চিঠি পাওয়ার পরও তিনি যথাসময়ে হাজির হননি। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হাজির হতে পারেননি বা কবে হাজির হতে পারবেন- এ বিষয়েও লিখিত বা ফোনে দুদককে অবহিত করেননি তিনি। এর দুই সপ্তাহ পর অবন্তিকাকে গ্রেফতার করা হলো।

পদ-পদবি ব্যবহার করে প্রশান্ত কুমার (পিকে) হালদার অন্তত ৫০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজে একা নন, মা, স্ত্রী, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্বজনদেরও এই দুর্নীতির সহযোগী করেছেন।

পিকে হালদারের সুখাদা লিমিটেড নামের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে অবন্তিকা বড়াল, প্রীতিষ কুমার হালদার ও সুস্মিতা সাহা ও এপিকে নামে বিনিয়োগ রয়েছে।

বিদেশে পলাতক পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তা চেয়ে চিঠি দিচ্ছে দুদক।

এমবি