রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা দোকানি বাবুল মাতুব্বরের (৪৫) মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি ০৪) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশের নির্দয়তার শিকার চা বিক্রেতা বাবুল মাতুব্বর (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন।।
নিহত বাবুলের ছেলে রাজু বলেন, ‘আমার বাবা মিরপুর বেড়িবাঁধসংলগ্ন কিংশু সমিতির সামনের ফুটপাতে চা বিক্রি করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকানে কাজ করছিলেন।
এ সময় ওই রাস্তা দিয়ে পুলিশের সোর্স দেলোয়ারসহ আরো কয়েকজন পুলিশ সদস্য যাচ্ছিলেন। তারা বাবার কাছে এসে চাঁদার টাকা দাবি করেন।’
তবে কত টাকা তা বলতে পারেনি তিনি। রাজু জানান, টাকা না দেওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একসময় দেলোয়ার হাতে থাকা লাঠি দিয়ে চায়ের চুলায় (স্ট্রোভ) আঘাত করে।
এ সময় চুলাটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে তার বাবার শরীর ঝলসে যায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাবুলকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে আনা হয়। তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন। পরে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে ওই ব্যক্তির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এমএইচ





