লঞ্চ পিনাক- ৬ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামি ও লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক কালু হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।

এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সম্নবয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সোমবার তাকে ছয় মাসের জামিন আদেশ দেন।

আদালতে আবু বকরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে পিনাক- ৬ লঞ্চটি মাওয়া ঘাটে যাওয়ার সময় পদ্মায় ডুবে দুই শতাধিক যাত্রী মারা যান। পরের দিন ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে লঞ্চ মালিক আবু বকর, লঞ্চের চালক নবী ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আবদুল হাই সিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করা হয়। মামলাটি দায়ের করেন বিআইডব্লিউটিএ'র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।

পরে ১৪ আগস্ট বুধবার ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ হাউজিং এলাকা থেকে আইনশৃংখলা বাহিনী লঞ্চ মালিক আবু বকরকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর চলতি বছরের ২৫ জানুয়ারি বিচারিক আদালত তার জামিন নাকচ করেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে ছয় মাসের জামিন দেন।

কেএইচ