যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আটজনকে এ নোটিশ পাঠানো হয়।

এছাড়া আরও ১৫ জন আহত হওয়ার এ ঘটনা কেন ঘটেছে- এর তদন্ত চাওয়া হয়েছে নোটিশে। আগামী ২৪ আগস্টের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

যশোরে তিন কিশোর খুন, কী ঘটেছিল কেন্দ্রের ভেতরে- এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানজিত সিদ্দিকী এই নোটিশ পাঠান। আইনজীবী নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ এবং ভুক্তভোগীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে।

পুলিশ শুরুতে এই ঘটনাকে ‘দুই গ্রুপের সংঘর্ষ’ বলে দাবি করলেও আহত কিশোররা বলছেন, কেন্দ্রের আনসার সদস্যরা তাদের ১৮ জনকে বেঁধে পেটানোর কারণেই এমনটা হয়েছে।
ঘটনা ১৩ আগস্ট বেলা ১২টা/১টার দিকে হলেও কিশোরদের দফায় দফায় স্থানীয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনা হয় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে।

হাসপাতাল সূত্র থেকেই খবর পায় পুলিশ। উন্নয়ন কেন্দ্র থেকে তাদের কিছুই জানানো হয়নি। প্রকৃত কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান যশোর জেলা পুলিশ সুপার (এসপি)।

এমআর