বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার জন্য তার গাড়ি প্রস্তুত করা হয়েছে। খালেদার কার্যালয় ত্যাগ ও আদালতগমনকে কেন্দ্র করে গুলশানে ও সংশ্লিষ্ট সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গুলশান কার্যালয় সূত্র জানায়, রোববার সকাল ১০ টায় কার্যালয় ত্যাগ করে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় হাজিরা দিতে যাচ্ছেন খালেদা। বকশীবাজারের আলীয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে এ বিচারিক কাজ চলছে।
দীর্ঘদিন পর খালেদা জিয়া বাইরে আসছেন, আদালতে যাবেন-তাই গুলশানে মিডিয়া কর্মীদের ভীড়ও ক্রমশ বাড়ছে। কর্তব্যরত পুলিশ ও সাদা পোশাকের পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, খালেদা জিয়াকে পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ রয়েছে তাদের প্রতি।
খালেদার সঙ্গে কার্যালয়ে অবস্থান করছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাসহ কার্যালয়ের কয়েকজন স্টাফ।
খালেদার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সকাল ৮টার দিকে বলেন, ম্যাডাম (খালেদা) তৈরি হচ্ছেন। আদালতে সময়মতো যেতে চান তিনি।
এসএইচ





