একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলমের আদালতে বৃহস্পতিবার তারা আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করে।
গত ২৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান হোসেন সাতজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেন।
ফারহাত ও হুম্মাম ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি হচ্ছেন- সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, ফখরুলের সহকারী মেহেদী হাসান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন।
আদালত গত ১২ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ফারহাত, হুম্মাম ও মেহেদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।
এএইচ





