বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির হাইকোর্টে জামিন শুনানি আজ।
গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেয়া হয় বলে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন। তিনি বলেন, জামিন আবেদনটি ফাইল করা হয়েছে।
মিন্নির আইনজীবী জেডআই খান পান্না সাংবাদিকদের বলেন,আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। মিন্নির অপর আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুলাই বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ৩০ জুলাই জেলা ও দায়রা জজ আদালত মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর দুইদফা আবেদন জানালেও নিম্ন আদালতে জামিন মেলেনি মিন্নির।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।
পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া এই মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
এএস





