অবৈধ সম্পদ ও মিথ্যা তথ্য দেওয়ায় ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে দুদক আইন ২৬ (১) ও (২) ধারায় তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন।
জানা গেছে, শিগগিরই তার বিরুদ্ধে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বাদী হয়ে মামলা করবেন।
সূত্রটি জানায়, ২০১৫ সালের ৭ জুন দুদকে দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ছয়শ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ অর্থের তিনি কোনো দালিলিক তথ্য দেখাতে পারেননি।
এছাড়া, গাজীপুর ও সাভারে তার নামে প্রায় এক হাজার দুইশ বিঘা সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ করেন মুসা। দুদক এসব সম্পদের সঠিক উৎস না পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেয়।
২০১৪ সালের শেষ দিকে মুসার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদক প্রথম তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর আরো দু’বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এমই





