বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার (সদ্য বরখাস্ত) ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

এরপর তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হযেছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে।

বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম বলেন, “সিনহা হত্যার মামলায় আটক বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারকে চার দফায় ১৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ মঙ্গলবার ছিল চতুর্থ দফায় একদিনের রিমান্ডের শেষ দিন। রিমান্ড শেষে আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে।”

তিনি জানান, ওসি প্রদীপ এই মামলার দুই নম্বর আসামি। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি।

এর আগে গত ০৬ আগস্ট ওসি প্রদীপসহ ৭ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৪ আগস্ট চার দিন, ২৮ আগস্ট তিন দিন ও ৩১ আগস্ট একদিন হিসেবে তার মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতের আদেশ পেয়ে এই ১৫ দিন বিভিন্ন সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থা র‌্যাব।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গত ০৫ আগস্ট তাঁর বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদি হয়ে ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ০৯ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এমবি