জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দণ্ড কার্যকরের আগে যৌক্তিক সময় (রিজেনেবল টাইম) দেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার বিকালে নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'রায়ের কপি প্রথমে ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখান থেকে যাবে কেন্দ্রীয় কারাগারে। সেখানে নিজামীকে রায় পড়ে শোনানোর পর প্রাণভিক্ষার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাওয়া হবে।'
তিনি বলেন, 'নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, তার ওপর ভিত্তি করে পরের পদক্ষেপ নেয়া হবে।'
অ্যাটর্নি জেনারেল বলেন, 'তবে এসব প্রক্রিয়া সম্পন্নের পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে নিজামীকে যৌক্তিক সময় (রিজেনেবল টাইম) দেয়া হবে।'
নিজামী প্রাণভিক্ষা না চাইলে সরকার যে কোনো সময় তার ফাঁসির রায় কার্যকর করতে পারবে বলেও জানান তিনি।
মাহবুবে আলমের ভাষ্যে, 'কবে কোন সময় রায় কার্যকর হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের বিষয়। তবে প্রাণভিক্ষা না চাইলে সরকার যে কোনো সময় কার্যকর করতে পারবে।'
এদিকে সোমবার নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার কপি সুপ্রিমকোর্ট রেজিস্ট্রারের দফতর থেকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়েছে।
বর্তমানে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এখানে তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
এমই





