ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন কাউসার (১৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে ফেনী মডেল থানা পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে। কাউসারের বাবা একজন পুলিশ সদস্য পদে চট্টগ্রামে কর্মরত বলে জানা গেছে । সূত্র জানায়, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ও ওসি তদন্ত আবুল কালাম আজাদ শহরের বনানী পাড়ায় কাউসারের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। কাউসার ছাগলনাইয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে পালিয়ে ছিলেন কাউসার। শনিবার তিনি নিজের বাসায় আসেন। আটকের পর সংবাদ মাধ্যমের কাছে কাউসার জানায়, হত্যাকাণ্ড চলাকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হত্যাকাণ্ডে অংশ নেননি। এর আগে আটক ২৪ জনের মধ্যে অনেকেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে কাউসারের নাম বলেছেন। [b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]