নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ক্যাশিয়ার আলী মোহাম্মদকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে ৬ দিন মঞ্জুর হয়।

নূর হোসেনের প্রধান ৩ সহযোগির মধ্যে আলী মোহাম্মদ অন্যতম।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার সীমান্তবর্তী এলাকা থেকে আলী মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

সেভেন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, আলী মোহাম্মদ আখাউড়া এলাকার সীমান্তবর্তী স্থানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ