সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় দুই আসামি পলাশ ও এনামুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুছ খান বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে উপস্থিত করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩ এর এএসপি ওয়ারেজ আলী মিয়া। আদালত এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১১ নভেম্বর ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভুইয়া তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের ২ ফেব্রুয়ারি এনামুল ওরফে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর বিভিন্ন সময়ে তাকে আট দিনের রিমান্ড নেন পুলিশ।

২০১২ সালের ১০ অক্টোবর পলাশ রুদ্র পালকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর তাকেও বিভিন্ন সময়ে আট দিনের রিমান্ড নেন পুলিশ।

মামলার এজহার থেকে জানা য়ায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।

২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।

এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।

ঘটনার পর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। দুই মাসেরও অধিক সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে দেয়া হয়।

কেএইচ