রোববার (১ নভেম্বর) দুপুরে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সব স্টেশন খুলে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ রাখা হয়েছিল। শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেল ছুড়তেও দেখা যায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচার্জ করা হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।

পুলিশ জানায়, বর্তমানে মিরপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম বলেন, এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এস