রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয় মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা কমানো। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করেছে টিআইবি।
সংস্থাটির সুপারিশ অনুযায়ী, আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সহজ ও সুনির্দিষ্ট করা প্রয়োজন। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা এবং সুপারিশের ভিত্তিতে দলগুলোর নিবন্ধন নবায়নের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ব্যক্তিদের নিবন্ধিত রাজনৈতিক দলের সাধারণ কমিটির সদস্য না করার সুপারিশ করেছে সংস্থাটি।
নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার দলীয় সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে টিআইবি। সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সদস্যদের গোপন ভোটে নির্বাচিত প্যানেল থেকে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা উচিত।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীর অন্তত তিন বছরের দলীয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সব দলের আয়-ব্যয়ের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে টিআইবি।
সংস্থাটির মতে, রাজনৈতিক দলের নেতৃত্বে বৈচিত্র্য, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে রাজনৈতিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চা জোরদার করার সুযোগ তৈরি হবে।
এস
















