নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো: আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলম বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি ছিলেন চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি। মামলা নম্বর (১৪-১-২০১৫)।

এমবি