বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে, তা জানানো হয়নি।

অঙ্গরাজ্যটির জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক। ওই অপ্রাপ্তবয়স্ক কারাগারে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আহত ১৬ জনই বন্দি।

সংঘর্ষের পর কারাগার এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র। এসব গোষ্ঠীর বিরোধের কারণে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সিনালোয়া ওই ছয়টি অঙ্গরাজ্যের একটি।

তবে কারাগারের এই সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এএফপি

এস