ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাশিগঞ্জে আব্দুল হালিম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২০০২ সালে দায়ের করা মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ৩০২ ধারায় দোষীসাব্যস্ত করে বুধবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আস্কর আলী ওরফে বাদশা, শাহাব উদ্দিন ও তুলা মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রুবেল মিয়া, আব্দুস সাত্তার, মো. সুরুজ্জামান, আবু বাক্কার ও আতাব উদ্দিন। তারা সকলে ফুলপুর উপজেলার বাইনজানা গ্রামের বাসিন্দা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা আগামী সাত দিনের মধ্যে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
রায়ের বিবরণে বলা হয়েছে, ২০০২ সালের ২৭ মে বিকেল ৩টায় ফুলপুর উপজেলার কাশিগঞ্জে আব্দুল হালিমকে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। আসামিদের মধ্যে একজন মারা গেছেন। বাকি আটজনই জেলহাজতে রয়েছেন।
জেএ





