খুলনার বায়তুন নূর মসজিদ মার্কেট থেকে পর্নো সিডি বিক্রয় ও সংরক্ষণের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় এপিবিএন খুলনা ও ভ্রাম্যমাণ আদালত বায়তুন নূর জামে মসজিদের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় পর্নো সিডি বিক্রয় ও সংরক্ষণের অপরাধে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পি. পি. বি এন্টারপ্রাইজের মালিক মো. আশরাফ শেখ (২২), অলিপ টেলিকমের মালিক দেবাশীষ দাস (২৮), ঝিনুক টেলিকমের মালিক মো. শাহীন (৩০) ও খুলনা টেলিকমের মালিক মো. আনোয়ার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের বিভন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আয়নাল হক জানান, পর্নো সিডি রাখার অপরাধে পি.পি.বি এন্টারপ্রাইজের মালিক মো. আশরাফ শেখ ও ঝিনুক টেলিকমের মালিক মো. শাহীনকে সাত দিনের কারাদণ্ড, অলিপ টেলিকমের মালিক দেবাশীষ দাসকে ৫ হাজার টাকা জরিমানা এবং খুলনা টেলিকমের মালিক মো. আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমই





