ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার নাম রুস্তম আলী (৩৮)। তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। সন্ধ্যা ৬ টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে রুস্তম আলীকে আটক করা হয় বলে জানান এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি বলেন, অভিযানে ছয়টি সোনার বার এবং ৩৫৫ গ্রাম জুয়েলারি গোল্ডসহ রুস্তম আলীকে আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান এই এপিবিএন কর্মকর্তা।
এবিএস





