করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) তার একান্ত সচিব মাহবুব হোসেন এই তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরুর সহকারী অ্যাডভোকেট মো: মহিন বলেন, স্যারের (আব্দুল মতিন খসরু) অবস্থা সংকটাপন্ন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ২০২১-২০২২ সেশনের (মার্চে অনুষ্ঠিত) নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়।
আব্দুল মতিন খসরু ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।
এমবি





