সরকারি জমিতে অনুপ্রবেশ, মাটি কাটা ও সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা দানের অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আহমেদ আকবর সোবহানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ, আবদুল বাসেত মজুমদার। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
মামলার বিবরণ থেকে জানা যায়, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ এপ্রিল সরকারি জমিতে অনুপ্রবেশ, মাটি কাটা ও সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা দানের অভিযোগ ওঠায় ওই বছরের ১৩ মে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর ইউনিয়ন তহশিলদার মোখলেসুর রহমান খান কালিয়াকৈর থানায় মামলা করেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, বসুন্ধরা গ্রুপের জিএম আবিদ হোসেন, এজিএম নূরে আলম সিদ্দিকী, সিনিয়র কর্মকর্তা (প্রশাসন) মাসুম হোসেন, কর্মকর্তা মোহাম্মদ মালেক ও বসুন্ধরা গ্রুপের ভূমি কর্মকর্তা ফারুক হোসেনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
সেই মামলায় এত দিন জামিনে ছিলেন শাহ আলম। জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন সোবহান। আজ সেই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এই মামলায় পূর্বে জারি করা রুল খারিজ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমকে ৮ সপ্তাহের মধ্যে গাজীপুরের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
এসএ





