ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এফএস প্যাকেজিং নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ওই অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার দুদকের উপপরিচালক ও অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা মো.নাসির উদ্দিন স্বাক্ষরিত তলবি নোটিস ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
যাঁদের তলব করা হয়েছে তারা হলেন-ইউসিবিএলের ভাইস প্রেসিডেন্ট কাজী ইবাদত হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আহমেদ বাকের ইমাম, ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসেম, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আবুল আলম ফেরদৌস ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার মো.মেহেদী হাসান। নোটিসে তাঁদের আগামী ১৪ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ইউসিবিএলের নয়াবাজার শাখার গ্রাহক এফএস প্যাকেজিংয়ের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খান পরস্পর যোগসাজশে বন্ধকের ভুয়া কাগজপত্র দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ঋণ নেন। পরে যা সুদে আসলে প্রায় ১০ কোটি হয়েছে। এ ঋণ উত্তোলনে ভুয়া কাগজপত্র পাস করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন ওই শাখার কর্মকর্তারা ও কর্মচারীরা।
এসটি





