ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিন আবেদন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. বদিউজ্জামান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আইনজীবীরা জানান, আদালত রফিকুল আমীনের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।

খুরশীদ আলম জানান, অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত দু’জনের জামিনের আবেদন খারিজ করেছেন।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন।

এ দুই মামলায় মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে তারা হাইকোর্টে জামিন আবেদন করলে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন তাদেরকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।

বুধবার এ রুলের ওপর রায় ঘোষণা করা হয়।

এমকে