যুব মহিলা লীগের (সদ্য বহিষ্কৃত) নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য আগামী ১২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ (২৭ সেপ্টেম্বর) রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই দিন নির্ধারণ করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, “এ মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য ছিল। পাপিয়া ও তাঁর স্বামীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায় ঘোষণার জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেন।”
তাপস কুমার পাল জানান, এ মামলায় পাপিয়াদের বিরুদ্ধে মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়ার স্বামী মফিজুর রহমান (৩৮) ও ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকারকে (২৯) গ্রেফতার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তাঁর ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করা হয়।
পরদিন ২৩ ফেব্রুয়ারি দুপুরে পাপিয়ার ফার্মগেটের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২০টি পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় পাপিয়া, তাঁর স্বামী ও দুই সহযোগীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। মামলার পর তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। তাঁরা এখন কারাগারে আটক রয়েছেন।
এমবি





